ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এই কর্মসূচি কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৭ জানুয়ারি) জারি করা এক নোটিশে সমিতি জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি বিপণন কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।
এর আগে একই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা তাদের দাবি তুলে ধরেন এবং ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে বিক্রি বন্ধের আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না আসায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান জানান, বৃহস্পতিবার সকাল থেকে সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে বিক্রি পুনরায় শুরু হবে, অন্যথায় কর্মসূচি অব্যাহত থাকবে।
এই সিদ্ধান্তের ফলে সারাদেশে এলপিজি ব্যবহারকারী সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :