ভেনেজুয়েলায় এক বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এক বছরেরও বেশি সময় ধরে বজায় থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ কতদিন থাকবে—এ প্রশ্নের জবাবে তার উত্তর, ‘এরচেয়েও বেশি সময়।’ তবে সময়ই শেষ পর্যন্ত বিষয়টি নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

গত শুক্রবার মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার বিচার চলছে। এই অভিযানের কড়া সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার দফতর, যারা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। তবে ট্রাম্প স্পষ্টভাবে জানান, তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘লাভজনক উপায়ে’ ভেনেজুয়েলার পুনর্গঠন ও সংস্কার করবে। তিনি জানান, দেশটির তেল সম্পদ ব্যবহার করে যুক্তরাষ্ট্র তেলের দাম কমাবে এবং একই সঙ্গে ভেনেজুয়েলাকে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেবে। এরই অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আটকে থাকা সর্বোচ্চ পাঁচ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে।