স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, এটি পূর্বনির্ধারিত বৈঠক নয় এবং নির্দিষ্ট কোনো এজেন্ডাও ঘোষিত হয়নি। তবে বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এই বৈঠকেই বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, অচিরেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়।