বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। রাত সাড়ে ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করছেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ‘চেয়ারম্যান’ ঘোষণা দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হতে পারে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারপারসনের পদ শূন্য হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পান। তবে এখনো পর্যন্ত দলীয়ভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
চেয়ারম্যান পদ নিয়ে সিদ্ধান্ত না আসায় দলীয় প্রচারণায় কার ছবি ব্যবহার করা হবে—সে বিষয়েও স্পষ্টতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে। দলীয় সূত্র আরও জানায়, স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানালেও তিনি তৃণমূল নেতাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে আগ্রহী।
উল্লেখ্য, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন এবং দীর্ঘদিন ধরেই তার নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। খালেদা জিয়ার ইন্তেকালের পর দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।
আপনার মতামত লিখুন :