বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এতদিন তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেন।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে চেয়ারম্যান পদ শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার ইন্তেকালের পর দলীয় নেতৃত্বে আনুষ্ঠানিক পরিবর্তনের পথ তৈরি হয়।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপি আগেই জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।