যুক্তরাষ্ট্র যেকোনো মূল্যে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায় বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে গ্রিনল্যান্ড দখল করবে, তা দ্বীপবাসী পছন্দ করুক বা না করুক।
রুশ সংবাদসংস্থা তাসের খবরে বলা হয়, বৈঠকে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ করতে সম্ভাব্য ব্যয় নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এখন অর্থ নয়, নিয়ন্ত্রণ নেওয়াই মূল বিষয়। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এগিয়ে না এলে রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার করতে পারে, যা ওয়াশিংটন চায় না।
ট্রাম্প আরও বলেন, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হবে, তবে প্রয়োজন হলে কঠোর পথও বেছে নেওয়া হবে। তার মতে, গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রের মালিকানাই একমাত্র উপায়।
এর আগেও গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত বলে একাধিকবার মন্তব্য করেন ট্রাম্প। হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্যেও সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি।
উল্লেখ্য, গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ন্যাটো চুক্তির আওতায় এর প্রতিরক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ওপর ন্যস্ত।


আপনার মতামত লিখুন :