প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ৫ আগস্টের অভিজ্ঞতা দেখিয়েছে হিংসা ও প্রতিহিংসার রাজনীতির ভয়াবহ পরিণতি। তাই মতভেদ যেন বিভেদের রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, বিএনপি অতীতের অবস্থায় ফিরতে চায় না এবং জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আগামী ২২ জানুয়ারি থেকে জনগণের কাছে গিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করার কথাও জানান তিনি।
এ সময় তারেক রহমান প্রায় ৪ কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রস্তাব দেন, যার মাধ্যমে গৃহিণীরা দীর্ঘমেয়াদি আর্থিক বা খাদ্য সহায়তা পাবেন। পাশাপাশি স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিয়ে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জনগণের সমস্যা সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :