আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তর করবেন নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলের কাছে। এরপর তিনি কী করবেন—এ নিয়ে জনমনে থাকা নানা প্রশ্নের জবাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ড. ইউনূস।
নির্বাচনের পর তিনি মূলত তিনটি বিষয়ে কাজ চালিয়ে যাবেন বলে জানান। সেগুলো হলো—ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম এবং ‘থ্রি জিরো’ উদ্যোগ অব্যাহত রাখা।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে সাক্ষাৎকালে ড. ইউনূস এসব পরিকল্পনার কথা জানান। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিজিটাল হেলথকেয়ারের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিবারের স্বাস্থ্য খোঁজখবর রাখার সুযোগ তৈরি করতে চান ড. ইউনূস। পাশাপাশি তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও বিস্তৃত করার কথাও বলেন তিনি।
এছাড়া নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরের কথাও জানান প্রধান উপদেষ্টা। সেখানে সমুদ্র গবেষণা ও এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
আপনার মতামত লিখুন :