সহিংস বিক্ষোভের মুখে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা ইরানের প্রেসিডেন্টের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

দেশজুড়ে টানা দুই সপ্তাহের সহিংস বিক্ষোভের পর অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, তার সরকার জনগণের কথা শুনতে এবং সংকট নিরসনে সমঝোতার পথে এগোতে প্রস্তুত।

রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে চলমান অস্থিরতার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন এবং বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের থেকে দূরে থাকার আহ্বান জানান।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার তীব্র অবমূল্যায়নের পর জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে অর্থনৈতিক দাবিতে বিক্ষোভ শুরু হয়, যা পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দুই সপ্তাহের বিক্ষোভে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে ১০৯ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

২০২২–২৩ সালে মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের পর এটিই ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।