ইরানে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসেইনি খামেনির নেতৃত্বাধীন প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করেছে এবং বৈঠকের প্রস্তুতিও চলছে।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের নেতারা ফোন করে আলোচনার ইচ্ছা জানিয়েছেন। তবে বৈঠকের আগেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, ইরানে সহিংসতা শুরু হয়েছে এবং এমন অনেক মানুষ নিহত হয়েছেন, যাদের নিহত হওয়ার কথা নয়। তিনি বলেন, ইরানের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য কঠোর বিকল্প বিবেচনায় রয়েছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরান কোনো ‘রেড লাইন’ অতিক্রম করেছে কি না—এ প্রশ্নে ট্রাম্প নির্দিষ্ট সামরিক পরিকল্পনা প্রকাশে অস্বীকৃতি জানান। তিনি বলেন, হামলার স্থান, সময় বা কৌশল আগাম জানানো হবে না।
বিক্ষোভে হতাহতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, জনসমাগমের ভিড়ে পদদলিত হয়ে এবং গুলিবিদ্ধ হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে ইরান বা তাদের মিত্রদের সম্ভাব্য পাল্টা জবাবের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জবাব হবে এমন মাত্রার, যা তারা আগে কখনো দেখেনি।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :