প্যারাস্যুট জাম্পে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী অভিযান পরিচালিত হয়। আকাশে একযোগে লাল-সবুজের ৫৪টি পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়ে ‘টিম বাংলাদেশ’।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে উল্লেখ করা হয়, জাতীয় ঐক্য ও বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। আইএসপিআর জানায়, এ অর্জন কেবল একটি বিশ্ব রেকর্ড নয়, বরং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।