ইরানে আজই হতে পারে তরুণ বিক্ষোভকারীর ফাঁসি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই প্রথমবারের মতো এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নিয়েছে তেহরান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর করা হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত সপ্তাহে গ্রেপ্তারের পর অতি দ্রুত বিচার শেষে এরফানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে তেহরানের উত্তর-পশ্চিম উপকণ্ঠের কারাজ শহর থেকে গ্রেপ্তার করা হয়, যখন দেশজুড়ে বিক্ষোভ চরমে পৌঁছেছিল এবং ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ইরানি কর্তৃপক্ষ দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটছে। সংগঠনটির দাবি, ৮ জানুয়ারি থেকে এরফানের সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং ১১ জানুয়ারি কর্তৃপক্ষ তার পরিবারকে মৃত্যুদণ্ডের বিষয়টি জানায়।

মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, চীনের পর ইরানই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। নরওয়েভিভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপের হিসাব অনুযায়ী, গত বছর দেশটিতে অন্তত ১ হাজার ৫০০ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।