প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট যেকোনো মূল্যে সফল করতে হবে এবং নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না; এটি সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত দায়িত্ব রয়েছে।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা ও গণভোট নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস জানান, অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হবে। নির্বাচনকালীন অভিযোগ গ্রহণে হটলাইন চালু থাকবে বলেও জানান তিনি।
জামায়াত নেতারা জানান, ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের প্রচার অব্যাহত থাকবে। বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :