বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ শুরু হলে কুড়িল–রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবরোধের ফলে সকাল থেকেই সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষের চরম ভোগান্তি দেখা দেয়। বাড্ডা থানার পুলিশ জানায়, মেট্রোরেল প্রকল্পের কাজ চলায় এলাকাটি এমনিতেই চাপের মধ্যে ছিল, অবরোধের কারণে যানজট আরও তীব্র হয়েছে।

আন্দোলনকারীরা দাবি জানান, আগামী ৩০ জানুয়ারির মধ্যে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধ না করা হলে তারা আন্দোলন আরও জোরদার করে সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে থেকে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে।