১২ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দাম বাড়ল, ছাড়াল আড়াই লাখ টাকা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

দাম কমানোর ঘোষণার ১২ ঘণ্টা না পেরোতেই ফের সোনার দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়েছে। নতুন দাম শুক্রবার দুপুর সোয়া ১২টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এর আগে সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকায়, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দ্রুত পুনঃসমন্বয় করতে হয়েছে। সংগঠনটির প্রাইসিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, বিশ্ববাজারে দাম নিম্নমুখী থাকায় আগের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তী সময়ে দ্রুত দাম বাড়তে শুরু করে।

বিশ্ববাজারে এই ঊর্ধ্বগতির পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনাকে কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে।

এদিকে সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা।