চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ, ভোর থেকেই জমায়েত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ১২:০০ অপরাহ্ন

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে রোববার ভোর থেকেই পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। কেউ দলবেঁধে এসেছেন, কেউ আবার রাত কাটিয়েছেন সমাবেশস্থলে। মাঠ ও আশপাশের এলাকা ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে।

সকাল সাড়ে ৭টার দিকে মাঠের সামনে উপস্থিতি চোখে পড়ে, সময়ের সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। আগেভাগে আসা কর্মীরা জানান, নেতাকে কাছ থেকে দেখার আগ্রহেই তারা ভোরে হাজির হয়েছেন। একই সঙ্গে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিও রয়েছে।

সাতকানিয়া থেকে আসা কর্মী আমির হোসেন বলেন, বহু বছর ধরে তারেক রহমানকে চট্টগ্রামে দেখার অপেক্ষায় ছিলেন। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইকবাল হায়দার চৌধুরী জানান, অনেকেই রাত থেকেই মাঠের আশপাশে অবস্থান নিয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি নগরীর একটি হোটেলে অবস্থান নেন।

দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে নীতিনির্ধারণী সংলাপে অংশ নেবেন এবং বেলা সাড়ে ১১টায় মহাসমাবেশে বক্তব্য দেবেন। সফরের পর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

সমাবেশ উপলক্ষে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং এলাকা তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে—রেড, ইয়েলো ও গ্রিন জোন।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফরে এসে লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।