আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোট পর্যবেক্ষণে দেশের ভেতর থেকে ৫৫ হাজারের বেশি এবং বিদেশ থেকে প্রায় ৫০০ পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য তুলে ধরেন। পরে নির্বাচন কমিশন সচিবালয় এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
কমিশনের তথ্য অনুযায়ী, ৮১টি নিবন্ধিত দেশীয় পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে মোট ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।
ব্রিফিংয়ে জানানো হয়, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত, বিরতিহীনভাবে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। কমিশন আশা প্রকাশ করেছে, দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :