ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ও তার আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে টানা তিন দিন এবং ভোটের দিনে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে কয়েক ধরনের অন্যান্য যানবাহন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, জরুরি সেবা, সংবাদমাধ্যম ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া চিকিৎসা, ওষুধ পরিবহন, বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী, দূরপাল্লার গণপরিবহন এবং অনুমোদন সাপেক্ষে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের একটি করে গাড়ি চলাচলের সুযোগ থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর ও গুরুত্বপূর্ণ আন্তঃজেলা সড়কে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল করা যাবে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগর পুলিশ কমিশনাররা প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।
আপনার মতামত লিখুন :