ড্রোন উৎপাদন, সংযোজন কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে চীনের সঙ্গে সরকার-থেকে-সরকার (জিটুজি) পর্যায়ে একটি চুক্তি করেছে বাংলাদেশ। মঙ্গলবার বিমানবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনাল (সিইটিসি)-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশে একটি আধুনিক আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি/ড্রোন) উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন করা হবে। এতে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা ও শিল্প সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নে সক্ষম এবং উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম বিভিন্ন ধরনের ইউএভি উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে বিমান বাহিনী।
বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে সামরিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও ব্যবহারের জন্য নিজস্ব ড্রোন উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশীয় ইউএভি শিল্পে স্বনির্ভরতা বাড়বে এবং দক্ষ এয়ারোস্পেস জনশক্তি গড়ে উঠবে।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :