প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী তরুণরাই ভবিষ্যতে বিশ্ব নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, জুলাই আন্দোলন যেমন দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি এই এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত তৈরি করবে। তিনি বলেন, ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিক্ষোভই একটি শক্তিশালী সরকারের পতনের পথ তৈরি করেছিল।
ডিজিটাল খাতকে বর্তমান সময়ের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখান থেকেই সমাজ ও রাষ্ট্রের অন্যান্য খাতে পরিবর্তন আসবে। নাগরিক সেবার ডিজিটালায়ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে দেবে, সেটি কীভাবে ব্যবহার হবে তা জনগণই নির্ধারণ করবে।
পার্বত্য চট্টগ্রামের শিক্ষা পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, অনেক এলাকায় শিক্ষক সংকট থাকলেও ইন্টারনেট সংযোগ শিক্ষার বিকল্প পথ তৈরি করতে পারে।
সরকারি প্রশাসন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, একজন কর্মকর্তার পাঁচ বছরের বেশি একই ধরনের সরকারি চাকরিতে থাকা উচিত নয়। এতে চিন্তাভাবনা স্থবির হয়ে যায় এবং সৃজনশীলতা কমে। সময়ের সঙ্গে তাল মেলাতে প্রতিষ্ঠানগুলোকেও নির্দিষ্ট সময় পর পর নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :