কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার মালিকানাধীন বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার উড়োজাহাজটি ভেনেজুয়েলা-সংলগ্ন কুকুটা শহর থেকে ওকানা অভিমুখে যাচ্ছিল। বিমানে দুই ক্রুসহ ১৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোও ছিলেন। দুর্ঘটনায় বিমানের আরোহী কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
সাতেনা কর্তৃপক্ষ জানায়, ওকানার আকাশসীমায় প্রবেশের পর বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানটি বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। নিহত এমপির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এমপি উইলমের ক্যারিল্লো।
দুর্ঘটনাস্থলটি পাহাড়ি ও আবহাওয়াগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা। যদিও অঞ্চলটি একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, দুর্ঘটনার সঙ্গে কোনো হামলার সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।
বিমান ও নিহতদের দেহাবশেষ উদ্ধারে কলম্বিয়ার বিমান বাহিনীর একটি উদ্ধার দল পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :