নির্বাচনী প্রচারণায় আজ রাজশাহীতে তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সমন্বয়ে আয়োজিত এ জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমানের আগমন ঘিরে বড় ধরনের মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।

জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলীয় প্রধানের।

রাজশাহীর কর্মসূচি শেষে একই দিন নওগাঁ ও বগুড়ায় পৃথক জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পরদিন শুক্রবার নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় গণসংযোগ ও জনসভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তার সফর শেষ হবে।