চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বৈধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৫:০১ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল খারিজ করে দেওয়ায় চুক্তি বাস্তবায়নে আর কোনো আইনগত বাধা রইল না।

বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে একই বিষয়ে দ্বৈত বেঞ্চে বিভক্ত মতামতের পর বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নির্দেশে একক বেঞ্চে পাঠানো হয়েছিল।

গত জুলাইয়ে এনসিটি পরিচালনার চুক্তি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি হয়। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের করা রিটে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রশ্ন তোলা হয়।

সব পক্ষের শুনানি শেষে আদালত রুল খারিজ করে চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করায় এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির পথ সুগম হলো।