সরকার পরিবর্তন হলেও চীন-বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা চলমান রাখতে হবে—এমন আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন-বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং চীনের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। বৈঠকে টিকা উৎপাদন, বায়োমেডিকেল গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষাক্ষেত্রে যৌথ কাজের আগ্রহ প্রকাশ করে চীনা প্রতিনিধিদল।

অধ্যাপক ইউনূস বলেন, শিগগির নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ-চীনের পারস্পরিক অংশীদারত্ব অব্যাহত থাকা প্রয়োজন। বৈঠক শেষে তিনি দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতাকে আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।