দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অল্প কয়েকজনের বক্তব্য নিয়ন্ত্রণ করতেও সময় লাগে, সেখানে গোটা দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা সহজ নয়।
রোববার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক এবং পরিকল্পনা অনুযায়ী কাজ হলে নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আপনার মতামত লিখুন :