এলপি গ্যাসের দাম আরও বাড়ল, সন্ধ্যা থেকেই কার্যকর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফেব্রুয়ারির জন্য এই সমন্বয় করা হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। ধারাবাহিক এই মূল্যবৃদ্ধি ভোক্তাদের ব্যয়ের চাপ আরও বাড়াবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।