র‍্যাবের নতুন পরিচয়, নাম ও পোশাকে আসছে পরিবর্তন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাহিনীটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। একই সঙ্গে বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সরকারি আদেশ জারি হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন পোশাক প্রস্তুতির কাজও শুরু হয়েছে।

২০০৪ সালে গঠিত র‍্যাবের প্রাথমিক নাম ছিল ‘র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)’, যা পরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামে পরিচিত হয়। প্রায় ২২ বছর পর এলিট এই বাহিনী নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে।