ভোটের দিন বাড়তি ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১:০২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে—বরং যাত্রী চাপ সামলাতে বাড়তি সেবাও দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক একেএম খায়রুল আলম জানান, নির্বাচনের সময় সারা দেশে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও নগরবাসীর যাতায়াত ও ভোট প্রয়োগ সহজ করতে মেট্রোরেল সাধারণ কর্মদিবসের সূচি অনুযায়ী চলবে। এ ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে কাছাকাছি, নিরাপত্তাজনিত কারণে সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। বাকি সব গেট খোলা থাকবে। নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট দপ্তরের ছুটিও বাতিল করা হয়েছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে ভোট উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ জারি করে। এতে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।