শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়া চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা চরমে ওঠে। জরুরি বৈঠকে যোগ দিতে বন্দরে পৌঁছালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গাড়ি আটকে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা।
বন্দর ভবন এলাকায় প্রবেশের মুখে শ্রমিকদের বাধার মুখে পড়েন উপদেষ্টা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাঁকে বন্দর ভবনে প্রবেশ করানো হয়। এরপর বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স কক্ষে জরুরি বৈঠক শুরু হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, চলমান অচলাবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য বুধবারই এই বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, বিজিবি, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নেভি ইন্টেলিজেন্সের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নামেন। তিন দিন আংশিক কর্মবিরতির পর তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান।
এর ফলে কনটেইনার ও পণ্য হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ এবং জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে আন্দোলন আরও কঠোর হয়; শ্রমিকরা বন্দরের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধা দেন।
বন্দর সূত্র জানায়, চলমান বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকেও এক বা দুইজন প্রতিনিধি যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিরসনে আলোচনার ফলের দিকেই এখন নজর।
আপনার মতামত লিখুন :