নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭–১৮ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন শেষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনিক প্রস্তুতি আগেই নেওয়া থাকায় দ্রুত এই পরিবর্তন সম্ভব হবে।

এর আগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে চলমান গুঞ্জনও নাকচ করা হয়। ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তাঁর ভাষায়, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেই অন্তর্বর্তীকালীন সরকার সরে যাওয়ার বিষয়ে শুরু থেকেই অবস্থান স্পষ্ট।