সরকারি সেবায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আমূল সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, সরকারের কোনো প্রতিষ্ঠানেই দুর্নীতির জায়গা থাকবে না; বরং প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে সেবা সরাসরি নাগরিকের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রধান উপদেষ্টার কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়নসংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি সহায়তায় পরিচালিত এই মূল্যায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি শীর্ষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, প্রশিক্ষণ থাকলেও তার ফল যদি বাস্তবে প্রতিফলিত না হয়, তবে সেই ব্যবস্থার সংস্কার জরুরি। তিনি পুরোনো ও গৎবাঁধা প্রশিক্ষণ পদ্ধতির বদলে সমস্যা সমাধানভিত্তিক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর জোর দেন। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা অনুযায়ী মূল্যায়ন, র্যাংকিং ও প্রণোদনার ব্যবস্থার কথাও বলেন তিনি।
সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত ও প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে পারা যেন গর্বের বিষয় হয়ে ওঠে—সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্যই।
আপনার মতামত লিখুন :