নীলফামারী—ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে নীলফামারীকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।
তারেক রহমান বলেন, শিল্পকারখানা স্থাপন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, বেকার যুবকদের জন্য প্রশিক্ষণকেন্দ্র এবং কৃষকদের জন্য কৃষি কার্ডসহ নানামুখী সহায়তা দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, “আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি—ধর্ম-বর্ণের বিভাজন নয়।” ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণআন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, ক্ষমতায় এলে সবাইকে নিয়ে কাজ করা হবে।
তিনি ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করে বলেন, অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে নীলফামারীর চারটি আসনে জোট ও বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে আয়োজিত সভায় দলীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।
আপনার মতামত লিখুন :