নির্বাচন পর্যবেক্ষণে কাল থেকে মাঠে নামছেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে মঙ্গলবার থেকে সারাদেশে মাঠে থাকবেন ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা এসব পর্যবেক্ষক পূর্ণ প্রস্তুতি নিয়ে ভোট পর্যবেক্ষণে অংশ নেবেন।

সোমবার ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন বাংলাদেশ ২০২৬ এক বিবৃতিতে জানায়, নির্বাচনের দিন ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল প্রস্তুতের প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ঢাকায় স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে তাঁদের সারা দেশে মোতায়েন করা হবে।

মিশন সূত্র জানায়, ইউরোপ থেকে আসা ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষকের সঙ্গে ইইউ কূটনৈতিক মিশন ও সহযোগী দেশগুলোর আরও ৩৫ জন পর্যবেক্ষক যুক্ত হয়েছেন। এর আগে ডিসেম্বর থেকে ১১ জন বিশ্লেষকের একটি মূল দল এবং জানুয়ারির মাঝামাঝি থেকে ৬৪ জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক কাজ করছেন।

নির্বাচনের দিন ইইউ পর্যবেক্ষকরা শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরবেন।