ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের আগের দিন ঢাকায় পৌঁছেছেন ৩৯৪ জন বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ জন আন্তর্জাতিক সাংবাদিক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এই নির্বাচন ও গণভোট ঘিরে আন্তর্জাতিক উপস্থিতি সাম্প্রতিক নির্বাচনগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। ইউরোপীয় ইউনিয়নসহ দ্বিপক্ষীয় দেশগুলো থেকে এসেছেন ২৪০ জন, আর ৫১ জন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তি নিজ উদ্যোগে পর্যবেক্ষণ করবেন।
প্রেস উইংয়ের তথ্যমতে, ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দ্বিগুণেরও বেশি। একাদশ, দ্বাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ ও মাত্র ৪ জন।
পর্যবেক্ষক পাঠানো সংস্থাগুলোর মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (২৮ জন), কমনওয়েলথ সেক্রেটারিয়েট (২৭), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (১৯) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (১)। এছাড়া ওআইসি, আইসিএপিপি ও ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের প্রতিনিধিরাও উপস্থিত।
ইউরোপের বাইরে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্তত ২১টি দেশ থেকে পর্যবেক্ষক এসেছেন, যার মধ্যে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক, চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, পর্যবেক্ষকদের ব্যাপক উপস্থিতি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। তাঁর ভাষায়, “সংখ্যার পাশাপাশি মানের দিক থেকেও এই উপস্থিতি আশাব্যঞ্জক।”
উচ্চপর্যায়ের পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আদ্দো দানকওয়া আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা এবং যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক ডেপুটি চিফ হুইপ লর্ড রিচার্ড নিউবি।
এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ দুই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।
আপনার মতামত লিখুন :