ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ভোটের মধ্য দিয়ে দেশ এক দুঃস্বপ্নময় অতীত থেকে বেরিয়ে আসার পথ বেছে নিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, “আজ আমার জীবনের মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম।”
তিনি এ দিনটিকে জাতির জন্য এক নতুন সূচনার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, আজকের দিনটি উৎসবের দিন, মুক্তির দিন। “আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে,” বলেন তিনি।
গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা দেশবাসীকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, “গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা বাংলাদেশ বদলে যেতে পারে।”
শেষে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আপনার মতামত লিখুন :