‘জাতিকে দেওয়া অঙ্গীকার পূরণ করেছি’ : সিইসি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৭:১২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতির কাছে দেওয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার পূরণ করতে পেরেছে কমিশন।

বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের কোনো লুকোচুরি ছিল না। আমরা একটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট নির্বাচন দিতে চেয়েছি—এবং তা পেরেছি।”

নির্বাচন কমিশন–এর স্বাগত বক্তব্যে সিইসি বলেন, এটি ছিল দীর্ঘদিনের প্রত্যাশিত একটি নির্বাচন, যা সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে উপহার দেওয়া সম্ভব হয়েছে। “আমাদের চেষ্টা ও পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করি,” বলেন তিনি।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সিইসি মন্তব্য করেন, ইতিহাসের যেকোনো মানদণ্ডে এটিকে একটি ভালো নির্বাচন হিসেবে বিবেচনা করা যায়। তাঁর ভাষায়, “আমরা উৎসবমুখর, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম—এবং জনগণ তা স্বীকৃতি দিচ্ছে।”

তবে তিনি স্বীকার করেন, সীমাবদ্ধতা থাকেই। ১৮ কোটির দেশের ১২৭ মিলিয়ন ভোটার ও গণভোটসহ বিপুল ব্যালট ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, গণমাধ্যম, ভোটার, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না।

শেষে তিনি যোগ করেন, “এটি পারফেক্ট নির্বাচন নয়—কোথাওই তা হয় না। কিন্তু যেকোনো গ্রহণযোগ্য মানদণ্ডে এটি একটি ভালো ও বিশ্বাসযোগ্য নির্বাচন।”