ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন জনগণের সুস্পষ্ট রায়ের প্রতিফলন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণ, সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনকল্যাণমুখী চিন্তা ও প্রজ্ঞার আলোকে তারেক রহমান দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবেন। একই সঙ্গে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রকামী নেতৃত্বের ধারাবাহিকতার কথাও স্মরণ করেন।
বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তি, জলবায়ু সহনশীলতা ও আন্তর্জাতিক কূটনীতির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক শাসন আরও জোরদার হবে—এমন প্রত্যাশা তিনি করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠনমূলক সহযোগিতার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সংবেদনশীল সময়ে তার ইতিবাচক ভূমিকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ছিল।
শেষে প্রধান উপদেষ্টা দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নতুন সরকারের সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :