জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার দেওয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার মাধ্যমে জামায়াত নেতৃত্ব রাজনৈতিক পরিপক্বতার পরিচয় দিয়েছে। প্রচারপর্ব থেকে শুরু করে ফল ঘোষণার পর পর্যন্ত সংযত বক্তব্য ও কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

বার্তায় অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামায়াতের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর ও সামাজিক ন্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে সংসদ ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জাতীয় ঐক্য জোরদারে অবদান রাখবে। বার্তার শেষে তিনি জামায়াত আমিরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।