বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী, নেপাল ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীসহ একাধিক দেশের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে রোববার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শপথ অনুষ্ঠান নির্ধারিত হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। ভারতের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের কারণে তিনি ঢাকায় আসতে না পারলেও, দেশটির প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নিতে পারেন বলে জানা গেছে।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে। পাশাপাশি চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা ও সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে ফোন করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি, যা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিএনপির নীতিনির্ধারণী নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই আমন্ত্রণ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। নতুন সরকারের শপথকে ঘিরে ঢাকায় আঞ্চলিক ও বৈশ্বিক কূটনৈতিক তৎপরতা বাড়ছে—এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :