নতুন সরকার শপথ নিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে : সেনাপ্রধান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার শপথ গ্রহণের পর সেনাবাহিনী ধাপে ধাপে ব্যারাকে ফিরে যাবে—এমনটাই জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত ‘সিএএস দরবার’-এ সব পদমর্যাদার সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে প্রত্যাবর্তন করবে। তবে পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।

দেশে কর্মরত সেনাসদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। বক্তব্যের একপর্যায়ে সেনাপ্রধান পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।

নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনীর শৃঙ্খলা ও দক্ষতা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।