বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–কে আগাম অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে দেওয়া এক বক্তব্যে তিনি এই শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন, তারেক রহমানের এই সফর জাতীয় রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেন, সংলাপ ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচিত হবে।
তিনি বলেন, নির্বাচন–পরবর্তী সহিংসতা, বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। “কোনো নাগরিক যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়—এটাই আমাদের প্রত্যাশা,” বলেন জামায়াত আমির।
জাতীয় স্বার্থে সহযোগিতার অঙ্গীকার জানিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত সরকারকে জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন দেবে। তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকবে। “আমাদের লক্ষ্য সংঘাত নয়, সংশোধন—বাধা নয়, পর্যবেক্ষণ,” তিনি যোগ করেন।
সাক্ষাৎটি নির্বাচন–পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও জবাবদিহিতার বার্তা হিসেবে রাজনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে।
আপনার মতামত লিখুন :