ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান—যেখানে উপস্থিত থাকবেন এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি।
মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে থাকবেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ইউনিট এবং অন্যান্য বিশেষায়িত বাহিনী।
ইতিমধ্যে দক্ষিণ প্লাজা এলাকায় বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে শপথস্থল পর্যন্ত যাত্রাপথজুড়ে নিরাপত্তা দেওয়া হবে। প্রোটোকলের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৫০টি গাড়ি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আনা–নেওয়া, রুট নিরাপত্তা এবং সংসদ ভবনের চারপাশে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। কোনো নির্দিষ্ট হুমকির আশঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের প্রত্যাশা, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন :