এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

মঙ্গলবার নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের অধ্যায় শেষ হচ্ছে—জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে এমনটাই জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে তিনি বলেন, “এখন আমার যাওয়ার পালা।”

ভাষণে তিনি ১৭ বছর পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে “উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ” বলে অভিহিত করেন এবং বলেন, এই নির্বাচন ভবিষ্যতের জন্য একটি মানদণ্ড হয়ে থাকবে। ভোটার, রাজনৈতিক দল, নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত ভূমিকাকে তিনি প্রশংসা করেন।

দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে ইউনূস বলেন, অভ্যুত্থানের পর দেশ কার্যত অচল ছিল; রাষ্ট্রযন্ত্র সচল করাই ছিল প্রথম ও কঠিন কাজ। “আমি বিদেশে ছিলাম। শুরুতে রাজি হইনি। ছাত্রনেতারা জাতির দায়িত্বের কথা বলে আমাকে রাজি করান,” বলেন তিনি।

১৮ মাসের যাত্রা স্মরণ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট দেশের ইতিহাসে স্মরণীয় মুহূর্ত। জয়ী ও পরাজিত—উভয় পক্ষকেই অভিনন্দন জানিয়ে তিনি বলেন, হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য, আর প্রায় সমান ভোটবণ্টন জনগণের বিস্তৃত আস্থার প্রমাণ।

শেষে তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তী সরকারের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।