আব্বাস–নজরুল–রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ প্রধানমন্ত্রীর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বাইরে আরও ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন— হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহানা আসিফ আসাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি সরকার গঠন করে। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান এবং একই দিনে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার।