স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহি জোরদারের বার্তা দিয়েছেন। তাঁর স্পষ্ট নির্দেশ—থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না; চেইন অব কমান্ড ভাঙা যাবে না। একই সঙ্গে তদবির ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করার ঘোষণা দেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। সভায় ডিএমপি কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা হবে কঠোরভাবে। পেশাদারিত্বের বাইরে কোনো আচরণ—ব্যানার, ফুলের তোড়া বা ব্যক্তিকেন্দ্রিক প্রদর্শন—গ্রহণযোগ্য নয়। অতীতের বিতর্কে না ফিরে স্বচ্ছতা ও জবাবদিহিই হবে অগ্রাধিকার।
দাবি-দাওয়ার নামে জনভোগান্তি সৃষ্টি নিয়েও কড়া অবস্থান নেন তিনি। মিছিল-সমাবেশ গণতান্ত্রিক অধিকার হলেও মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। প্রয়োজনে কর্মসূচিতে সড়কের একটি লেন চালু রাখার নির্দেশ দেন।
পুলিশ সম্পর্কে মন্ত্রী বলেন, “মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পুলিশকেই বোঝে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে।” বাহিনীর ভেতরে কেউ অপরাধে জড়ালে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি পরিবর্তন প্রসঙ্গে সরাসরি মন্তব্য এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :