৪৪তম বিসিএস থেকে নন–ক্যাডারে নিয়োগ পেলেন ৪,১৩৬ জন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন

৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন–ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।

পিএসসি জানায়, ‘নন–ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর আলোকে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দ বিবেচনায় নিয়ে ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের বড় অংশ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম ও ১০ম গ্রেডের পদে যাচ্ছেন। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, নিবন্ধন অধিদপ্তরে সাব–রেজিস্ট্রার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক, পাসপোর্ট অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভিন্ন পদ রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের অধীন সহকারী রাজস্ব কর্মকর্তা পদেও উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু পদ—যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কয়েকটি ইন্সট্রাক্টর পদ—শূন্যই থেকে গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১৫ হাজারের বেশি এবং লিখিত পরীক্ষায় পাস করেন প্রায় ৪ হাজার প্রার্থী।