মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একুশের চেতনায় নিহিত গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতার আদর্শ ধারণ করেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার দেওয়া বাণীতে তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সেই আত্মত্যাগ বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তি মজবুত করেছে। একুশের পথ ধরেই মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। ভাষার জন্য ত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। একুশের চেতনা এখন সব ভাষার মর্যাদা ও সুরক্ষার বৈশ্বিক আন্দোলন।
বাণীতে তিনি ভাষা শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ভাষাবৈচিত্র্য সংরক্ষণ, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং সর্বস্তরে শুদ্ধ বাংলার চর্চা নিশ্চিত করার আহ্বান জানান। শেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দিবসটির সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।
আপনার মতামত লিখুন :