শনিবার সকাল ১০টা ১০ মিনিট। সরকারি ছুটির দিন হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তারেক রহমান—দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম কর্মদিবস।
নিয়মমাফিক বৃক্ষরোপণ শেষে মূল ভবনের দিকে এগোতেই দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন কর্মচারীর দিকে তাঁর চোখ যায়। নিরাপত্তা প্রটোকলের ভেতরেই হঠাৎ ভেসে আসে একটি পরিচিত ডাক—“তুই নূর না?”
আনুষ্ঠানিকতার আবরণ মুহূর্তে সরে যায়। নূরুল আমিন এগিয়ে আসেন—একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলের কর্মচারী, বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ড্রাইভার। ১৭ বছরের ব্যবধানেও নাম ও মুখ চিনে নেওয়ার এই মুহূর্তে বিস্ময় আর আবেগ ছড়িয়ে পড়ে উপস্থিতদের মধ্যে।
প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, ছবি তোলেন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ভাষায়, ক্ষমতার দূরত্ব পেরিয়ে স্মৃতির এই টানই মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় সম্মান—প্রধানমন্ত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেই প্রথম কর্মদিবসে একটি নীরব দৃষ্টান্ত।
আপনার মতামত লিখুন :