বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ–এর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, বৈঠকে ঢাকা–দিল্লি সম্পর্ককে আরও জনগণকেন্দ্রিক করার বিষয়টি গুরুত্ব পায়, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভিসা কার্যক্রম।
প্রণয় ভার্মা জানান, বৈঠকে তিনি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে, বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সহযোগিতা জোরদার করতে দিল্লি আগ্রহী। “সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে আমরা একসঙ্গে কাজ করতে চাই,” বলেন তিনি।
ভিসা চালুর বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও, আলোচনাকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও গতিশীল করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।
আপনার মতামত লিখুন :