বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে জারি করা আদেশে এই পরিবর্তন কার্যকর হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
আদেশ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান–কে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান–কে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম–কে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান–কে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান–কে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই রদবদলকে সেনাবাহিনীর প্রশাসনিক ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :